নিলামে ৪.৯ মিলিয়ন ডলারে বিক্রি হলো পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা জার্সিটি বৃহস্পতিবার নিলামে ৪.৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। সাদবি’স (Sotheby’s)-এর মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হয়।
সাদবি’স-এর স্পোর্টস স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ব্রেন্ডন হকস এক বিবৃতিতে বলেন, “আজকের ফলাফল সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের দীর্ঘস্থায়ী উত্তরাধিকারের একটি শক্তিশালী প্রমাণ। এই জার্সিটি কেবল ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী নয়, বরং এটি সেই মুহূর্তটির সাথে সরাসরি যুক্ত যা পেলেকে বিশ্ব ক্রীড়া আইকনে পরিণত করেছিল।”
সাদবি’স জানায়, এই নিলামে পাঁচজনেরও বেশি দরদাতা ১০টি বিড করেছিলেন। জার্সিটির এই চূড়ান্ত দাম পেলের স্মারক সামগ্রীর ক্ষেত্রে একটি নতুন রেকর্ড গড়েছে। এটি গত মাসে ৯ লাখ ৭৬ হাজার ডলারে বিক্রি হওয়া ১৯৫৮ সালের ‘আলিফাবোলাগেত #৬৩৫’ পেলের রুজি কার্ডটির রেকর্ড ভেঙে দিয়েছে।
ব্রাজিলের কাছে সুইডেনের হারের ৬৮তম বার্ষিকীতে গত ২৯ জুন এই ম্যাচ-পরা জার্সিটি নিলামে তোলা হয়। তবে নিলামে বিক্রি হওয়া এই জার্সিটির দাম ২০২২ সালে সাদবি’স-এর মাধ্যমেই বিক্রি হওয়া দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের ‘হ্যান্ড অফ গড’ জার্সির ৯.৩ মিলিয়ন ডলারের রেকর্ড থেকে কয়েক মিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে।
১৯৫৮ সালের বিশ্বকাপে ১৭ বছর বয়সী পেলে ছয়টি গোল করেছিলেন, যা ব্রাজিলকে তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ে সাহায্য করে। ফাইনালে সুইডেনের বিপক্ষে ৫-২ গোলের জয়ে পেলে দুটি গোল করেছিলেন।
ম্যাচ শেষে ২০২২ সালে প্রয়াত হওয়া পেলে তার ১০ নম্বর জার্সিটি সতীর্থ দিদাকে উপহার দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৯৩ সালে জার্সিটি ব্রাজিলের মিউজিয়াম অফ স্পোর্টসে দান করা হয়। এরপর ২০০৪ সালে ক্রিস্টি’স অকশনের মাধ্যমে এটি ১ লাখ ৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
