আরবি লিপজিগে যোগ দিলেন না ইয়ান দিওমান্দে, অসুস্থতার অজুহাত নিয়ে মুখ খুললেন মার্সেল শেফার
ফুটবল বিশ্ব এখন ইয়ান দিওমান্দের রিয়াল মাদ্রিদ ট্রান্সফারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই ১৯ বছর বয়সী এই তরুণের আরবি লিপজিগের অস্ট্রিয়া ট্রেনিং ক্যাম্পে যোগ না দেওয়া নিয়ে মুখ খুলেছেন ক্লাবটির পার্সোনেল চিফ মার্সেল শেফার। অসুস্থতার কারণ দেখিয়ে দিওমান্দে দলের ক্যাম্পে অনুপস্থিত রয়েছেন।
ইয়ান দিওমান্দের রিয়াল মাদ্রিদ ট্রান্সফার বা তার অসুস্থতা নিয়ে কোনো তথ্য জানতে সাংবাদিকরা চেষ্টা চালালেও খুব একটা সফল হননি। তবে মার্সেল শেফার নিজের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছেন এবং জানিয়েছেন, এই মুহূর্তে দিওমান্দেকে প্রয়োজনীয় সময় দেওয়া হবে।
ইয়ান দিওমান্দে নিয়ে মার্সেল শেফারের সর্বশেষ মন্তব্য
লিপজিগের ট্রেনিং ক্যাম্পের পাশে সাংবাদিকদের মার্সেল শেফার বলেন, “গতকাল আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি। এমন নয় যে আমাদের সকাল-বিকাল চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হবে। অন্য সব খেলোয়াড়ের ক্ষেত্রে যা নিয়ম, তার জন্যও তাই। যখন কোনো খেলোয়াড় আমাদের জানান যে তিনি অসুস্থ বা তার ইনফেকশন হয়েছে, তখন আমরা প্রথমত তাকে বিশ্বাস করি।”
শেফার আরও বলেন, “আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তিনি কবে সুস্থ হয়ে অনুশীলনে ফিরবেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইনফেকশন থাকলে কেউ অনুশীলন করতে পারে না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।”
ট্রান্সফারের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে শেফার বলেন, “কয়েকটি শীর্ষ ক্লাব যে তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং খেলোয়াড় নিজেও বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত, তা গোপন কোনো বিষয় নয়। এতে দোষের কিছু নেই। গত বছর যখন সে আমাদের দলে আসে, তখন অনেকেই জিজ্ঞেস করেছিলেন সে কে এবং কেন আমরা তাকে দলে নিয়েছি।”
“সেই সময় থেকে সে আমাদের লক্ষ্য অর্জনে দারুণ সাহায্য করেছে। দলের অন্যদের সঙ্গে সে অসাধারণ উন্নতি করেছে। তার পারফরম্যান্স আমাদের ক্লাবের কাজেরই স্বীকৃতি। এটি আমাদের জন্য আনন্দের বিষয়।”
শেফার উপসংহারে বলেন, “যতক্ষণ না কোনো চুক্তিতে সই হচ্ছে, ততক্ষণ কিছুই চূড়ান্ত নয়। আমরা খেলোয়াড়দের পরিবার এবং এজেন্টদের সঙ্গে আলোচনার জন্য পর্যাপ্ত সময় ও সম্মান প্রদান করি। তবে একটি বিষয় পরিষ্কার, সুস্থ হওয়ার পরপরই তাকে ক্লাবে ফিরে আসতে হবে।”
