রিয়াল মাদ্রিদে নতুন কৌশলে হোসে মরিনহো, বেঞ্চে বসতে পারেন তিন তারকা
নতুন ম্যানেজার মানেই নতুন পরিকল্পনা, আর হোসে মরিনহোর ক্ষেত্রে আপস করার কোনো সুযোগ নেই। রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এই পর্তুগিজ কোচ নিজের পছন্দমতো দল সাজাতে বদ্ধপরিকর। তিনি কেবল খ্যাতনামা খেলোয়াড় বা মোটা অঙ্কের ট্রান্সফার ফির ওপর নির্ভর না করে, সেই সব খেলোয়াড়দেরই অগ্রাধিকার দিচ্ছেন যারা তাৎক্ষণিকভাবে মাঠে প্রভাব ফেলতে সক্ষম।
তার এই কঠোর দৃষ্টিভঙ্গি নতুন লা লিগা মৌসুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদ স্কোয়াডে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সাংবাদিক রুবেন মার্টিনের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্মে সই করা তিন খেলোয়াড় আলভারো কারেরা, ডিন হুইজেন এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে ২০২৬/২৭ মৌসুমের শুরুতে মরিনহোর একাদশে জায়গা পেতে কঠিন লড়াই করতে হবে।
‘ডিফেনসা সেন্ট্রাল’-এর প্রতিবেদনের তথ্যানুযায়ী, রিয়াল মাদ্রিদের নতুন রক্ষণভাগের জন্য মরিনহোর একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যা গত মৌসুমের পরিচিত দৃশ্যপট থেকে অনেকটাই আলাদা।
নতুন সাইনিংয়ে রদবদল
রক্ষনভাগের গোছানো কৌশলের জন্য সুপরিচিত মরিনহো রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। গত মৌসুমের রক্ষণভাগ ধরে না রেখে তিনি মার্ক কুকুরেল্লা, ইব্রাহিমা কোনাতে এবং ডেনজেল ডামফ্রিসকে নিয়ে রক্ষণভাগ সাজাতে চান। তার মতে, মরিনহোর কৌশল মাঠে বাস্তবায়নের জন্য এই তিনজনের অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন খুবই জরুরি।
যদি এমনটি ঘটে, তবে কারেরা, হুইজেন এবং আলেকজান্ডার-আর্নল্ডের মতো খেলোয়াড়দের মৌসুমের শুরুর দিকটা বেঞ্চে বসেই কাটাতে হতে পারে।
বড় ধরনের পরিবর্তন
মাত্র ১২ মাস আগেও এই তিনজন রিয়াল মাদ্রিদ রক্ষণের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হতেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তাদের দলে আনা হয়েছিল এবং সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়মিত খেলোয়াড় হিসেবে তাদের দেখার প্রত্যাশা ছিল ভক্তদের।
কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই তাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। ফুটবলের অন্যতম কঠোর এই ম্যানেজারের মূল একাদশে জায়গা পেতে তাদের নিজেদের প্রমাণ করতে হবে। মরিনহোর অধীনে এটাই বাস্তব—প্রতিটি মৌসুম নতুনভাবে শুরু হয় এবং কারও জায়গা সেখানে নিশ্চিত নয়।
