চেলসি থেকে ধারে স্ট্রাসবার্গে যোগ দিলেন জেনেসিস অ্যান্টউই
ব্লু-কো মালিকানাধীন লিগ ওয়ান ক্লাব আরসি স্ট্রাসবার্গ চেলসি এফসি থেকে ১৯ বছর বয়সী জেনেসিস অ্যান্টউইকে দলে নিয়েছে। উভয় ক্লাবই আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি ঘোষণা করেছে। সুইডেনের অনূর্ধ্ব-২১ দলের এই রাইট-ব্যাক এই গ্রীষ্মে চেলসি থেকে ধারে আলসাস ক্লাবটিতে যোগ দেওয়া প্রথম খেলোয়াড়। মাইখাইলো মুদ্রিকও একই পথে হাঁটতে পারেন। অ্যান্টউই গত দুই মৌসুমে নিয়মিতভাবে চেলসির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।
২০২৪-২০২৫ মৌসুমে চেলসির প্রথম উয়েফা কনফারেন্স লিগ শিরোপা জয়ের পথে এই রাইট-ব্যাক সিনিয়র দলের হয়ে অভিষেক করেন। ২০২৮ সাল পর্যন্ত চেলসির সঙ্গে তার চুক্তি রয়েছে। পিএসজি স্ট্রাসবার্গের গুয়েলা ডুয়ের প্রতি আগ্রহ দেখানোয় ক্লাবটি তাদের রাইট-ব্যাক পজিশন শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয় ।
চেলসি জানিয়েছে, “১৯ বছর বয়সী এই খেলোয়াড় এখন ধারে ফরাসি টপ ফ্লাইটে আসন্ন মৌসুমটি অতিবাহিত করবেন। আমরা জেনেসিসের উন্নতির দিকে নজর রাখব এবং স্ট্রাসবার্গে তার সাফল্য কামনা করছি।”
