২০২৬ বিশ্বকাপ ফাইনাল: নিউইয়র্ক স্টেডিয়ামে কঠোর নিরাপত্তা, দীর্ঘ লাইনে অপেক্ষায় দর্শকরা
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই নিরাপত্তা বলয়ের কারণে স্টেডিয়ামে প্রবেশের জন্য দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ৮২,৫০০ দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
এই ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন। এটিই বিশ্বকাপের একমাত্র ম্যাচ যা তিনি নিজে মাঠে বসে দেখবেন। প্রেসিডেন্টর উপস্থিতি নিশ্চিত হওয়ায় এই ম্যাচের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। এর ফলে মাঠে প্রবেশ করতে দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, দর্শকদের প্রায় দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে দীর্ঘ অপেক্ষার পর বেশিরভাগ ভক্ত টিকিট স্ক্যান করে কোনো বড় সমস্যা ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছেন।
স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা দুটি স্তরে পরিচালনা করা হচ্ছে, যার দায়িত্বে রয়েছে সিক্রেট সার্ভিস এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। সাধারণত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে টিএসএ। এবার দর্শকদের এবং মিডিয়াকর্মীদের বিমানবন্দরের মতো স্ক্যানারের মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে। একজন গণমাধ্যমকর্মী জানিয়েছেন, নির্ধারিত প্রবেশপথে পৌঁছানোর পর তাকে অন্য একটি লাইনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়, কারণ ওই গেটে ব্যাগ তল্লাশির জন্য কোনো নিরাপত্তা কুকুর ছিল না।
মাঠের স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্যমতে, স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের সাতটি ম্যাচের তুলনায় আজ অনেক বেশি দর্শক আগেভাগে ভিড় করেছেন। স্থানীয় সময় সকাল ১১টায়, অর্থাৎ খেলা শুরুর চার ঘণ্টা আগেই দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হয়। ভিড় সামাল দিতে পর্যায়ক্রমে আরও গেট খুলে দেওয়া হয়েছে। তবে ম্যাচ শুরু হতে কোনো দেরি বা অন্য কোনো ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।
