রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত? ভিনিসিউস জুনিয়রকে পেতে মরিয়া আর্সেনাল
গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা তুঙ্গে। ভিনিসিউসের চুক্তির মেয়াদ শেষ হতে এক বছরেরও কম সময় বাকি আছে। খুব শীঘ্রই তার নতুন চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই আলোচনার ফলাফল ইতিবাচক হবে কি না, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। আর এই পরিস্থিতির সুযোগ নিতে ওত পেতে বসে আছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল।
রিয়াল মাদ্রিদ যদি ব্রাজিলের এই আন্তর্জাতিক ফুটবলারের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তাকে বিক্রির পরিকল্পনা করবে। এমন সুযোগকেই কাজে লাগাতে চায় আর্সেনাল। ভিনিসিউসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া মাত্রই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনাও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
নতুন করে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে আরও আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। ভিনিসিউস বর্তমানে রক নেশন এজেন্সির প্রতিনিধিত্ব করছেন। দিয়ারিও এএস-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে রক নেশনের প্রেসিডেন্ট মাইকেল ইয়ারমার্ক ইনস্টাগ্রামে লন্ডনে ভ্রমণের একটি পোস্ট দিয়েছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, “লন্ডন, আমি আসছি। চলো যাই!”
ভিনিসিউসের নতুন চুক্তি নিয়ে চাপে রিয়াল মাদ্রিদ
আর্সেনালের আগ্রহের বিষয়টি রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনার টেবিলে ভিনিসিউস ও তার প্রতিনিধিদের দর কষাকষির শক্তি বাড়িয়ে দিয়েছে। গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট আর্সেনাল ইতিমধ্যেই একটি বিশাল অংকের প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রিয়াল মাদ্রিদ যদি ভিনিসিউসকে ধরে রাখতে চায়, তবে তাদের এই প্রস্তাবের সমান বা তার চেয়ে ভালো কোনো প্রস্তাব দিতে হবে।
তবে রিয়াল মাদ্রিদ এই কৌশল বা চাপে নতি স্বীকার করার মতো অবস্থানে নেই। তারা ইতিমধ্যেই ভিনিসিউসের প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছে যে, বর্তমান প্রস্তাবটিই তাদের পক্ষ থেকে সেরা। যদি এই প্রস্তাব গ্রহণ করা না হয়, তবে চলতি গ্রীষ্মেই ক্লাব তাকে বিক্রি করে দেবে। এমনটা ঘটলে আর্সেনাল তাকে দলে ভেড়াতে প্রস্তুত। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।
