এভারটনে জ্যাক গ্রিলিশকে ফেরানো বুদ্ধিমানের কাজ হবে: জো থমাস
লিভারপুল ইকো’র জো থমাসের মতে, এভারটন দলে জ্যাক গ্রিলিশের মতো একজন খেলোয়াড় থাকা অত্যন্ত মূল্যবান। সুযোগ থাকলে তাকে ক্লাবে ফিরিয়ে আনাটা হবে একটি যৌক্তিক সিদ্ধান্ত।
ম্যানচেস্টার সিটি থেকে গত মৌসুমে ধারে এভারটনে খেলেছিলেন গ্রিলিশ। মৌসুমের প্রথমার্ধে দারুণ পারফরম্যান্স দেখালেও জানুয়ারিতে পায়ের ইনজুরির কারণে বাকি মৌসুমের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।
৩০ বছর বয়সী এই খেলোয়াড় গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছিলেন। তবে ইনজুরির কারণে হংকং ও সিউল সফরের জন্য ঘোষিত দলের বিমানে তার জায়গা হয়নি।
ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির শেষ ১২ মাস চলছে। সপ্তাহে ৩ লাখ পাউন্ড বেতনের এই খেলোয়াড়কে নতুন কোনো চুক্তির প্রস্তাব দেওয়ার লক্ষণ খুব একটা দেখা যাচ্ছে না, ফলে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
বিবিসি রেডিও মার্সিসাইডের জুলিয়া বোল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জো থমাস বলেন, “জ্যাক গ্রিলিশের নেতৃত্ব দেওয়ার ধরন জেমস তারকোভস্কি বা সেমাস কোলম্যান থেকে কিছুটা আলাদা। তার নেতৃত্বের বড় অংশই আসে মাঠের ভেতর তার ফুটবলীয় বুদ্ধিমত্তা ও আইকিউ থেকে।”
তিনি আরও বলেন, “এভারটনের গত মৌসুমের পারফরম্যান্সের দিকে তাকালে, এমন অনেক মুহূর্ত ছিল যখন মনে হয়েছে গ্রিলিশের মতো একজন খেলোয়াড় থাকলে দলের অনেক উপকার হতো। বিশেষ করে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচগুলোতে যখন প্রতিপক্ষ দল গোল পাচ্ছিল বা এভারটনের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছিল, তখন গ্রিলিশের মতো একজন খেলোয়াড়ের ভূমিকা অপরিসীম ছিল। যিনি ফ্রি-কিক আদায় করে নিতে পারেন, বল এগিয়ে নিয়ে যেতে পারেন এবং প্রতিপক্ষের ছন্দ নষ্ট করে সতীর্থদের চাঙ্গা করতে পারেন।”
থমাসের মতে, “এভারটন যদি তাকে ফিরিয়ে আনার সুযোগ পায়, তবে সেটা না করার কোনো কারণ নেই। এটি হবে খুবই সহজ ও যৌক্তিক সিদ্ধান্ত।”
