নর্দাম্পটন টাউনের নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিলেন এডু
আর্সেনালের সাবেক ফুটবল পরিচালক এডু এবার লিগ টু ক্লাব নর্দাম্পটন টাউনের নতুন মালিকপক্ষের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার গত সেপ্টেম্বরে নটিংহ্যাম ফরেস্টের গ্লোবাল হেড অব ফুটবলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর তিনি বুলগেরিয়ার শীর্ষ লিগের ক্লাব লেভস্কি সোফিয়ার পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন।
গত মাসে এসি মিলান ও চেলসির সাবেক ফরোয়ার্ড আলেক্সান্দ্রে পাতোকে নিয়ে গঠিত একটি ব্রাজিলিয়ান কনসোর্টিয়াম লিগ টুর ২৩তম স্থানে থাকা নর্দাম্পটন ক্লাবের মালিকানা কিনে নেয়।
একটি উন্মুক্ত ফোরাম অনুষ্ঠানে নর্দাম্পটনের সহ-চেয়ারম্যান জোয়াও জাভিয়ের জানান, এডু ক্লাবের বিভিন্ন ‘স্পোর্টিং বিষয়’ বা ফুটবলের কৌশলগত সিদ্ধান্তে পরামর্শক হিসেবে সহায়তা করবেন।
লেভস্কি সোফিয়ার মালিকানায় রয়েছে লন্ডনভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেমকর্প ক্যাপিটাল। এই প্রতিষ্ঠানটি স্পোর্টস আলফা ক্যাপিটালে বিনিয়োগকারী, যা নর্দাম্পটনের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হিসেবে কাজ করছে।
এডুর ভূমিকা নিয়ে জাভিয়ের বলেন, “আমরা অ্যালেক্স এবং এডুকে আমাদের সঙ্গে পেয়ে অত্যন্ত গর্বিত। নটিংহ্যাম ফরেস্টে থাকার সময় তার সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। তখন আমি তাকে ইংলিশ ফুটবল সম্পর্কে আরও গভীরভাবে জানতে সাহায্য করার অনুরোধ করেছিলাম।”
তিনি আরও বলেন, “এডু আমাদের একজন অংশীদারের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি লেভস্কি সোফিয়ার উপদেষ্টা এবং এখানেও আমাদের সহায়তা করছেন। তবে তিনি প্রতিদিনের কাজে যুক্ত থাকবেন না, বরং যখন আমাদের প্রয়োজন হবে এবং আমরা তাকে জিজ্ঞাসা করব, তখনই তিনি আমাদের পরামর্শ দেবেন।”
তিনি আরও স্পষ্ট করেন যে, নর্দাম্পটন কোনো মাল্টি-ক্লাব মালিকানার অংশ হবে না এবং তাদের প্রকল্পে অন্য কোনো ক্লাব যুক্ত নেই।
নটিংহ্যাম ফরেস্টে দায়িত্ব পালনকালে কোচ নুনো এস্পিরিতো সান্তোর সঙ্গে মতবিরোধের জেরে এডুর অবস্থান আলোচনায় এসেছিল। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে নুনোকে বরখাস্ত করা হয়েছিল এবং সেবারই ২০২৫-২৬ মৌসুমে ফরেস্টে চারজন কোচের পরিবর্তনের সূচনা হয়।
এর আগে আর্সেনালে ছয় বছর দায়িত্ব পালন করেছেন এডু। সেখানে ২০২২ সালে তিনি ক্লাবের প্রথম স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পান। আর্সেনালের খেলোয়াড় হিসেবে তিনি দুইবার প্রিমিয়ার লিগ শিরোপা ও দুইবার এফএ কাপ জিতেছেন।
আর্সেনালের কোচ হিসেবে মিকেল আর্তেতাকে নিয়ে আসার পেছনেও বড় ভূমিকা ছিল এডুর। আর্তেতার অধীনে গত মৌসুমে আর্সেনাল ২২ বছরের মধ্যে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জেতে এবং সেই শক্তিশালী দল গঠনেও এডু মূল ভূমিকা পালন করেছিলেন।
