ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কোনো আলোচনা হয়নি, জানালেন আন্তোনিও কন্তে
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার বিষয়ে কোনো “অগ্রবর্তী আলোচনা” চলছে না বলে জানিয়েছেন আন্তোনিও কন্তে। নিজের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের আলোচনার যে খবর ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
বুধবার কোমো-র কাছে ৪-১ গোলে হারের পর মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হওয়া নিয়ে ইউনাইটেড বোর্ডের সঙ্গে কন্তে বৈঠক করেছেন বলে গত বৃহস্পতিবার দাবি করেছিল ইতালিয়ান সংবাদপত্র লা রিপাবলিকা। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, চেলসির সাবেক এই কোচ ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার শর্ত হিসেবে ট্রান্সফার পলিসির পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন এবং নিজের পছন্দের কোচিং স্টাফ নিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে বিবিসি স্পোর্টস জানিয়েছে, কন্তে এই চাকরিটি পাওয়ার ব্যাপারে আগ্রহী হলেও, তিনি বর্তমানে কোনো ক্লাবের সাথেই চূড়ান্ত বা অগ্রবর্তী পর্যায়ের আলোচনায় নেই।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কন্তে লিখেছেন, “আমার নাম বেশ কিছু ক্লাবের সঙ্গে যুক্ত করা হচ্ছে, তবে বর্তমানে কোনো পর্যায়েই আমার কোনো আলোচনা চলছে না।”
তিনি আরও যোগ করেন, “আমি কিছু প্রতিবেদনে পড়েছি যে, আমি নাকি বিভিন্ন ক্লাবের কাছে আর্থিক দাবি জানিয়েছি, পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছি, এমনকি আমার ‘শক্তিশালী ব্যক্তিত্ব’ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”
কন্তে বলেন, “যদি কোনো বাস্তব সুযোগ তৈরি হয়, তবে সেই ক্লাবের সঙ্গে আলোচনা করে দুপক্ষের চাহিদার ভিত্তিতে চুক্তির শর্তাবলী বিবেচনা করা হবে। সেই সঙ্গে আমার কাজের ধরন এবং দর্শনকেও গুরুত্ব দেওয়া হবে।”
চ্যাম্পিয়নস লিগে সেস ফ্যাব্রিগাসের কোমো-র কাছে শোচনীয় হারের পর ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। রবিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচটিতে ক্যারিক দলের দায়িত্বেই থাকছেন। তবে বিবিসি স্পোর্টসের তথ্যমতে, ইউনাইটেড কর্তৃপক্ষ এরই মধ্যে সম্ভাব্য নতুন কোচের খোঁজে প্রক্রিয়া শুরু করেছে।
নিউইয়র্ক নিউক্যাসলের সাবেক বস এডি হাউ, কন্তে এবং জার্মানির সাবেক কোচ জুলিয়ান নাগলসম্যানের নাম এই চাকরির সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।
জুভেন্টাস ও ইতালির হয়ে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন কাটানো কন্তে গত মৌসুম শেষে নাপোলি ছাড়ার পর বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন। নেপলসে প্রথম মৌসুমেই তিনি সিরি আ শিরোপা জিতেছিলেন এবং শেষ মৌসুমে সুপারকোপা ইতালিয়ানা জয় করেছিলেন। ২০১৬-১৭ মৌসুমে চেলসির হয়ে নিজের প্রথম মৌসুমেই তিনি প্রিমিয়ার লিগ জিতেছিলেন এবং পরের মৌসুমে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিলেন। পরবর্তীতে ২০২১ সালে হোসে মরিনহোর উত্তরসূরি হিসেবে তিনি টটেনহ্যাম হটস্পারে যোগ দেন। তবে উত্তর লন্ডনে তার সময়টা মাত্র ১৬ মাস স্থায়ী হয়েছিল এবং ২০২৩ সালের মার্চ মাসে খেলোয়াড়দের “স্বার্থপর” বলে সমালোচনা করে তিনি ক্লাব ছাড়েন।
ব্রাইটনেই মনোযোগী হুরজেলার
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নিজের নাম জড়িয়ে ওঠা নিয়ে দূরত্ব বজায় রেখেছেন ব্রাইটন ম্যানেজার ফ্যাবিয়ান হুরজেলার। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ব্রাইটনের কোচকে ক্যারিকের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। তবে হুরজেলার জানান, ২০২৯ সাল পর্যন্ত সিগালদের সাথে চুক্তিবদ্ধ তিনি এবং এই ক্লাবে বেশ খুশি।
“আমি পুরোপুরি আমার বর্তমান কাজের দিকেই মনোযোগ দিচ্ছি। এই গুজবগুলো নিয়ে ভাবার সময় আমার নেই, কারণ আমাদের প্রতি তিন দিন পরপরই খেলতে হয়,” বলেছেন হুরজেলার।
“মাইকেল ক্যারিকের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তিনি একজন দারুণ মানুষ এবং ব্যক্তিত্বের মানুষ। আমাদের যখনই দেখা হয়, আমাদের সম্পর্কটা খুব ভালো থাকে।”
