রোমার অনুশীলনে চোট, মাঠের বাইরে রবিনিয়ো ভাজ
রোমার নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না। ত্রিরগরিয়া ট্রেনিং সেন্টারে অনুশীলনের শুরুতেই চোটের খবর পাওয়া গেছে।
গত ১৩ জুলাই খেলোয়াড়রা তাদের প্রথম অনুশীলনের মধ্য দিয়ে নতুন ফুটবল মৌসুমের সূচনা করেন। তবে দলের সাথে যোগ দিতে পারেননি রবিনিয়ো ভাজ।
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মার্শেই থেকে রোমাতে আসা ২০০৭ সালে জন্ম নেওয়া এই ফরাসি ফরোয়ার্ড হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন।
ফিলিপ্পো বিয়াফোরার প্রতিবেদন অনুযায়ী, ভাজকে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এ কারণে তিনি দলের প্রথম হোম প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। তবে ১ আগস্ট কার্ডিফের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজধানীর এই ক্লাবে ভাজের ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়। কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি অভিজ্ঞ খেলোয়াড়দের দলে পেতে আগ্রহী। এরই মধ্যে তিনি মালেনের বদলি হিসেবে ক্লাব ব্রুগের নিকোলো ত্রেসোল্দিকে দলে টানার লক্ষ্য নির্ধারণ করেছেন। রোমা যেহেতু এবার তিনটি ভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে, তাই ভাজ তৃতীয় স্ট্রাইকার হিসেবে দলে থেকে কিছু ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।
