সাসুওলোর বিপক্ষে ড্রয়ে হতাশ এসি মিলান মালিক কার্ডিনালে
লা গাজেত্তা দেল্লো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, সাসুওলোর সঙ্গে ১-১ গোলে ড্র করার ম্যাচে এসি মিলানের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি ক্লাবের মালিক গেরি কার্ডিনালে। ম্যাচে কেবল ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ডিয়েগো মোরেইরা তার নজর কাড়তে সক্ষম হয়েছেন। বাকি খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি হতাশ।
রবিবার মাপেই স্টেডিয়ামে ম্যাচটি সরাসরি উপভোগ করেন কার্ডিনালে। ইতালীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচ শেষের পরদিনই তার অসন্তোষের বিষয়টি প্রকাশ্যে আসে। লা গাজেত্তা দেল্লো স্পোর্তের আজকের সংখ্যায় বিস্তারিত তুলে ধরা হয়েছে, কোন কোন খেলোয়াড় কার্ডিনালের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।
দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে কার্ডিনালের অসন্তুষ্টি রয়েছে। এমনকি গোল করার সত্ত্বেও আদ্রিয়েন রাবিওটের পারফরম্যান্সেও তিনি খুশি নন। কার্ডিনালের মতে, এই ফরাসি মিডফিল্ডার অনেকবার বল হারিয়েছেন এবং পুরো দলের খেলা ছিল অগোছালো।
তালিকায় রয়েছেন গনসালো রামোসও। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এসি মিলানের সবচেয়ে দামী এই পর্তুগিজ স্ট্রাইকার এ পর্যন্ত মাত্র একটি গোল করেছেন। গাজেত্তার পর্যবেক্ষণ অনুযায়ী, রামোস মাঠে দলের প্রধান স্ট্রাইকার হিসেবে যেখানে থাকার কথা, তার বাইরে গিয়ে অকারণে বলের পেছনে ছুটছেন, যার ফলে তাকে খেলার সঙ্গে বিচ্ছিন্ন মনে হয়।
অন্যদিকে, কার্ডিনালে পুলিসিচ ও মোরেইরাকে নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা অন্তত ব্যক্তিগত উদ্যোগে সাসুওলোর রক্ষণভাগে চাপ তৈরির চেষ্টা করেছিলেন। তবে সেট পিস থেকে প্রতিপক্ষের বিপদ বাড়ানোর ক্ষেত্রে মিলান ব্যর্থ হয়েছে। এমনকি সাসুওলোর বিপক্ষে একটি গোলসহ এখন পর্যন্ত মৃত বলে (ডেড-বল সিচুয়েশন) তিনটি গোল হজম করেছে দলটি।
প্রতিবেদন অনুযায়ী, কেবল খেলোয়াড়রাই নন, রেফারি ফ্রান্সেস্কো ফোরনোর সিদ্ধান্ত নিয়েও অসন্তুষ্ট কার্ডিনালে। তার মতে, কোনি ডি উইনারের ওপর ফাউলের ঘটনায় এসি মিলানের একটি পেনাল্টি প্রাপ্য ছিল। এছাড়া মারিও জিলার ওপর ফাউলের কারণে আরমান্ড লরিয়েন্তেকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন তিনি।
গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে এসি মিলান। আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে আরবি সালজবার্গের মাঠে খেলতে নামবে দলটি।
