নরওয়ের বিপক্ষে গোল করে প্রশংসায় ভাসছেন জুড বেলিংহাম
২০২৬ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের জার্সিতে গোল করে সবার নজর কেড়েছেন জুড বেলিংহাম। তার এই পারফরম্যান্সের পর তাকে ‘পরিপূর্ণ তারকা’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
মিয়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে নরওয়ের আন্দ্রেয়াস স্কেজেলড্রপ গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। প্রথমার্ধের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
টমাস টুখেলের দলের হয়ে বেলিংহামের দুর্দান্ত দৌড় ও গোল করার পর গ্যারি নেভিল তাকে ‘পরিপূর্ণ তারকা’ বলে সম্বোধন করেন। তার এই গোলের একটি বিশেষ দিক নিয়ে প্রশংসা করেছেন ইয়ান রাইট। আইটিভি স্পোর্টের সরাসরি সম্প্রচারে রাইট বলেন, “তার প্রথম টাচটিই ছিল অসাধারণ। ডিফেন্ডাররা সেই টাচ নিয়ে উদ্বিগ্ন ছিল, কিন্তু সেই টাচটিই বলকে নিয়ন্ত্রণে রেখে শট নেওয়ার সুযোগ করে দিয়েছে।”
গ্যারি নেভিল আরও বলেন, “জুড, তুমি সত্যিই একজন পরিপূর্ণ তারকা। গর্ডনের কাছ থেকে আসা ওই পাসটি তোমাকে দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিল।”
গোল্ডেন বুট জয়ের দৌড়ে থাকা বেলিংহামের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন রয় কেনও। কেন বলেন, “সে সবকিছু নিয়ন্ত্রণে রেখে খেলেছে। তার ডান পায়ের নিয়ন্ত্রণ এবং বাঁ পায়ের ফিনিশিং ছিল দুর্দান্ত। নরওয়ের ডিফেন্ডারদের সমালোচনা করা গেলেও এটি সত্যিই একটি চমৎকার গোল ছিল।”
ম্যাচের প্রথমার্ধের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইংল্যান্ডের সহকারী কোচ অ্যান্থনি ব্যারি বলেন, “আমি মনে করি প্রথম ২৫ মিনিট জলবায়ু এবং পরিবেশের প্রভাব আমাদের ওপর ছিল, যদিও আমরা পুরো নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রেখেছিলাম।”
তিনি আরও যোগ করেন, “ওয়াটার ব্রেকের পর আমরা নরওয়েকে পাল্টা আক্রমণের সুযোগ করে দিই। হলান্ডের সেই সুযোগটি সতর্কবার্তা ছিল। তবে বিরতির ঠিক আগে বেলিংহামের গোলটি আমাদের খেলোয়াড়দের এবং পুরো স্টেডিয়ামের চাপ কমিয়ে দিয়েছে।”
