ম্যানচেস্টার সিটি থেকে লিভারপুলে যোগ দিলেন গোলরক্ষক কিয়ারা কিটিং
ম্যানচেস্টার সিটির গোলরক্ষক কিয়ারা কিটিংকে দলে ভিড়িয়েছে লিভারপুল। আজ বিকেলে রেডসদের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২২ বছর বয়সী এই গোলরক্ষক ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর লিভারপুলে যোগ দিলেন।
কিটিং ম্যানচেস্টার সিটির যুব দলের মাধ্যমেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ২০২২ সালের জানুয়ারিতে সাবওয়ে উইমেনস লিগ কাপে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে মূল দলের হয়ে তার অভিষেক হয়। ২০২৩-২৪ মৌসুমে কিটিং নিজেকে ম্যানচেস্টার সিটির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তৎকালীন কোচ গ্যারেথ টেইলরের অধীনে তিনি এই সুযোগ পেয়েছিলেন, যার সাথে লিভারপুলে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় কিটিং মোট ৬৫টি ম্যাচ খেলেছেন।
আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে কিটিং এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন।
লিভারপুলে যোগ দেওয়ার পর কিটিং বলেন, “আমি মনে করি লিভারপুলের কথা সবাই জানেন। এটি অনেক বড় একটি ক্লাব এবং তাদের নারী দল সাফল্যের জন্য নিরলস চেষ্টা করছে।”
“দলটি যে ধরনের ফুটবল খেলে, তা আমার খেলার ধরনের সাথে মানানসই।”
“আমার মনে হয় ক্লাবটি সঠিক পথে এগোচ্ছে এবং আমি এই প্রজেক্টের অংশ হতে চাই।”
চলতি গ্রীষ্মকালীন দলবদলের বাজারে কিটিং লিভারপুলের চতুর্থ নতুন খেলোয়াড় হিসেবে যোগ দিলেন।
