ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের খবরে অবাক লুইস এনরিকে
পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়েছেন, প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হওয়ার খবরটি তাকে অবাক করেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, ক্লাবটি বড় কোনো শাস্তির হাত থেকে রক্ষা পাবে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির মাঠে। ১১২টি অভিযোগের বেশিরভাগেই দোষী সাব্যস্ত হওয়ার পর এটি সিটির প্রথম হোম ম্যাচ। মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “ম্যানচেস্টার সিটিকে ঘিরে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। বড় ক্লাবগুলোর ক্ষেত্রে এমনটা প্রায়ই ঘটে।”
এনরিকে আরও বলেন, “আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। আমি আশা করি ম্যানচেস্টার সিটির সবকিছু ভালোভাবেই মিটে যাবে। কারণ গত কয়েক বছরে মাঠে তারা যা করেছে তা অবিশ্বাস্য এবং তারা যে ট্রফিগুলো জিতেছে, সেগুলো জয়ের যোগ্যতা তাদের ছিল। এখন কর্তৃপক্ষ বা বিচারক কী সিদ্ধান্ত নেন, তা দেখার অপেক্ষায় আছি।”
একটি স্বাধীন কমিশন তদন্তে দেখেছে যে, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয় বছর সময়ে সিটি নিয়ম ভেঙেছিল। এই সময়ে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া’ চুক্তির মাধ্যমে তারা গোপনে ফুটবল অপারেশনে ৮৩০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ যুক্ত করেছিল। তবে ম্যানচেস্টার সিটি তাদের নির্দোষ দাবি করে আপিল করেছে।
এনরিকে বলেন, “প্রথমবার এটি শোনার পর আমি অবাক হয়েছি। তবে আমাদের আইনি প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে আছে। ফুটবলের দিক থেকে বললে, তারা ট্রফিগুলো পাওয়ার যোগ্য ছিল। আমি তাদের ফুটবল পছন্দ করি। মাঠে তারা যা অর্জন করেছে তা মাঠেই থেকে যাবে। আশা করি তারা নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারবে।”
ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলার সাথে এনরিকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ১০ বছরে ২০টি ট্রফি জিতে গত মৌসুম শেষে ইতিহাদ ছেড়ে যাওয়া গার্দিওলা বুধবার আবারও এই স্টেডিয়ামে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ ২০০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটি কিনে নেয়। এই গ্রুপের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান, যিনি সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য এবং বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধানমন্ত্রী। অন্যদিকে, টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজির মালিকানা কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের হাতে। ২০১৪ সালে আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে উয়েফা ম্যানচেস্টার সিটি এবং পিএসজি উভয়কেই জরিমানা করেছিল।
এ বিষয়ে পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে জিজ্ঞেস করা হয়, মাঠের বাইরের প্রতিকূল পরিস্থিতিতে সিটির মুখোমুখি হওয়াটা ভালো সময় কি না। উত্তরে এই ফরাসি তারকা বলেন, “সময়টা ভালো না খারাপ, তা গুরুত্বপূর্ণ নয়। ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় এবং দারুণ একজন কোচ রয়েছেন। প্রতিপক্ষ হিসেবে তারা সবসময়ই শক্তিশালী।”
