বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রদ্রি
ফুটবল বাজারে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো রদ্রির দলবদল। বিশ্বের দুই শক্তিশালী ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে লড়াই চালিয়ে আসছিল। তবে এই নাটকীয়তার আপাতত অবসান ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়ের এজেন্ট এল লাগুয়েরোকে নিশ্চিত করেছেন যে, স্প্যানিশ এই তারকা তার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন।
তিনি বলেন, “রিয়াল মাদ্রিদের প্রতি সম্মান রেখে বলছি, তারা আমাদের সাথে অত্যন্ত পেশাদার আচরণ করেছে। তবে রদ্রি তাদের জানিয়ে দিয়েছে যে, সে বার্সেলোনাতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের বর্তমান শারীরিক পরিস্থিতির কারণে বার্সেলোনা শেষ মুহূর্তে রদ্রিকে পাওয়ার দৌড়ে নাম লেখায়। ডি ইয়ংয়ের অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে এমন সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।
