পাফোসকে হারিয়ে জয় পেল আতালান্তা, খেলোয়াড়দের ইনজুরি নিয়ে ক্ষুব্ধ সারি
কনফারেন্স লিগে পাফোসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আতালান্তা। তবে দলের খেলোয়াড়দের নতুন করে ইনজুরিতে পড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ মাউরিজিও সারি। খেলোয়াড়দের ওপর অতিরিক্ত ম্যাচের চাপ তৈরি করা নিয়ে তিনি উয়েফা ও ফিফার তীব্র সমালোচনা করেছেন।
কনফারেন্স লিগে পাফোসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভের ম্যাচে আতালান্তার উন্নতি লক্ষ্য করেছেন মাউরিজিও সারি। তবে দলের খেলোয়াড়দের ইনজুরি নিয়ে তিনি বেশ হতাশ। সারি বলেন, ‘খেলোয়াড়দের অযৌক্তিক এক ক্যালেন্ডারের সূচির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।’
আগস্ট মাসে কনফারেন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে দুটি ম্যাচ খেলেছিল লা দেয়া। তবে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচটি ছিল টুর্নামেন্টের মূল পর্বের প্রথম ফিক্সচার।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল আতালান্তা। খেলার প্রথম ৫০ সেকেন্ডের মধ্যেই এলজিফ এলমাস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর জিয়াকোমো রাসপাদোরি পেনাল্টি থেকে গোল করার সময় ইনজুরিতে পড়েন। প্রথমার্ধের শেষ দিকে গোল করেন জিয়ানলুকা স্কামাক্কা। তবে শেষ দিকে বিলের গোলটি কোনোভাবেই আটকাতে পারেনি আতালান্তার রক্ষণভাগ, ফলে ম্যাচটি ৩-১ ব্যবধানে শেষ হয়।
আতালান্তার উন্নতি দেখছেন সারি
স্কাই স্পোর্ট ইতালিয়াকে সারি বলেন, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম। ভেনিজিয়ার বিপক্ষে ম্যাচের তুলনায় আজ আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। কখন সরাসরি খেলতে হবে আর কখন বল দখলে রাখতে হবে, সেই ভারসাম্য আমরা বজায় রেখেছিলাম। শেষের গোলটি বাদে আমরা প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দেইনি।’
তিনি আরও যোগ করেন, ‘এমন ম্যাচে বড় দলের জন্য ঝুঁকি থাকে। কিন্তু আমার দল আজ দারুণ খেলেছে।’
চলতি সপ্তাহে এটি আতালান্তার দ্বিতীয় জয়। সোমবার ভেনিজিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের মাধ্যমে তারা সেরি আ’র টানা তিন হারের ধাক্কা কাটিয়ে উঠেছে। উভয় ম্যাচেই সারি তার ঐতিহ্যবাহী ৪-৩-৩ ফরম্যাটের পরিবর্তে ৪-২-৩-১ ফরম্যাটে দলকে খেলিয়েছেন।

সারি জানান, ‘আমরা আক্রমণে আরও বিপজ্জনক হওয়ার পথ খুঁজে পেয়েছি। এখন আমাদের রক্ষণভাগে আরও ভারসাম্য এবং দৃঢ়তা অর্জন করতে হবে।’
এদিকে জানা গেছে, ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন রাসপাদোরি। এতে জর্জ স্কালভিনি, ফ্রাঙ্ক কেসি, কামালদিন সুলেমানা, ইসাক হিয়েন, ওডিলন কসোনৌ এবং রাউল বেলানোভার মতো দীর্ঘ ইনজুরি তালিকায় তার নামও যুক্ত হলো।
সারি বলেন, ‘অনেক খেলোয়াড়ের মাসল ইনজুরি হচ্ছে, যা শুধু আতালান্তার সমস্যা নয়। উয়েফা এবং ফিফার এই বিষয়টির দিকে নজর দেওয়া উচিত। খেলোয়াড়দের ওপর অতিরিক্ত ম্যাচের যে চাপ, তার খেসারত তাদেরই দিতে হচ্ছে। আমি অবাক হচ্ছি যে, কেন খেলোয়াড়দের অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না।’

সারি বলেন, ‘ক্লাবটি সবার জন্য একটি মডেল। আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে, আশা করি তাদের আরও উন্নতি করার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রথম বছরেই আমরা কী অর্জন করতে পারব তা নিশ্চিত নই, তবে আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করেছি।’
