সতীর্থদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়েছেন লিভারপুল মিডফিল্ডার সোবোসলাই
লিভারপুলের মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই জানিয়েছেন, সতীর্থ কার্টিস জোন্স এবং কোস্টাস সিমিকাসের সঙ্গে তার পরিস্থিতি তিনি “পরিষ্কার” করেছেন। গত সপ্তাহে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে এই তিনজনকে অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে তর্কে জড়াতে দেখা যায়।
নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে রেক্সহ্যামের বিরুদ্ধে ১-০ গোলের প্রাক-মৌসুম জয়ের পরই এই ঘটনাটি ঘটে।
ম্যাচ শেষ হওয়ার পর যখন পুরো দল দর্শকদের অভিবাদন জানাতে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন জোন্স, সোবোসলাই এবং পরবর্তীতে সিমিকাসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
ম্যাচ চলাকালীন সোবোসলাই যখন মাঠ থেকে উঠে আসেন, তখন তিনি আর্মব্যান্ডটি জোন্সকে না দিয়ে সিমিকাসকে দিয়েছিলেন। সেই সময় গ্রিসের এই লেফট-ব্যাককে আর্মব্যান্ডটি মাটিতে ছুড়ে ফেলতে দেখা যায়।
রবিবার লিডসের কাছে ৪-২ গোলে হেরে যাওয়া ম্যাচে অবশ্য সোবোসলাই আর্মব্যান্ডটি জোন্সকে দিয়েছিলেন।
হাঙ্গেরির অধিনায়ক বলেন, “আমাদের তিনজনের মধ্যে এটি কোনো বড় বিষয় ছিল না। আমরা মাঠে কেবল একটি বিষয়ে আলোচনা করছিলাম। আপনারা [গণমাধ্যম] এটিকে অনেক বড় করে তুলে ধরেছেন। তবে পরের বার থেকে আমরা এসব ড্রেসিংরুমেই সমাধান করব। কেউ কারো ওপর রাগান্বিত ছিল না। সব পরিষ্কার হয়ে গেছে—আমরা এখন ভালো আছি।”
যুক্তরাষ্ট্র সফরে নিয়মিত অধিনায়ক ভার্জিল ফন ডাইক অনুপস্থিত থাকায় এবং প্রথম ম্যাচেই জো গোমেজ ইনজুরিতে পড়ায়, সফরের বেশিরভাগ সময় দলের নেতৃত্ব দিয়েছেন সোবোসলাই।
এদিকে সোবোসলাই জানান, নতুন কোচ আন্দোনি ইরাওলা ভাইস-ক্যাপ্টেন নিয়োগ নিয়ে এখনও কোনো আলোচনা করেননি। অ্যান্ডি রবার্টসন টটেনহ্যাম হটস্পারে চলে যাওয়ায় পদটি এখন খালি পড়ে আছে।
২৫ বছর বয়সী এই তারকা বলেন, “না, কোনো আলোচনা হয়নি। ভার্জিল আমাদের অধিনায়ক। এছাড়া আলিসন এবং জো গোমেজও আছে। তাই কোনো কথা হয়নি। আলিসন এখানে নেই এবং জো ইনজুরিতে। দায়িত্ব পাওয়াটা ছিল গর্বের মুহূর্ত, দেখা যাক কী হয়। এটা আমার সিদ্ধান্ত নয়, এখনও কিছু চূড়ান্ত হয়নি।”
“লিভারপুলে যদি ভাইস-ক্যাপ্টেনের প্রস্তাব পাওয়া যায়, তবে আমি সেটি অবশ্যই গ্রহণ করব। এটি আমার জন্য গর্বের বিষয় হবে। তবে আমি সবাইকে সম্মান করি, তাই যেই হোক না কেন, আমরা তাকে অনুসরণ করব।”
শিকাগোতে সাংবাদিকদের সাথে আলাপকালে সোবোসলাই জানান, তিনি নতুন মৌসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
“আমি মনে করি আমরা পুনরায় মাঠে নামার জন্য প্রস্তুত। গত মৌসুম থেকে অনুপ্রেরণা নিচ্ছি, কারণ সেটি খুব একটা ভালো ছিল না। আমরা যেখানে শেষ করতে চেয়েছিলাম, সেখানে পারিনি। তাই এবার আমরা নতুন করে ঝাঁপিয়ে পড়ব।”
“কাকে সই করাতে হবে বা কাউকে নিতে হবে কি না, তা বলার দায়িত্ব আমার নয়। যদি কর্তৃপক্ষ এবং কোচ কাউকে দলে নেন, তবে আমরা খুশি হব এবং তাদের স্বাগত জানাব। আর যদি তারা কাউকে না নেন, তবে এই দল নিয়েই আমাদের বিশেষ কিছু করতে হবে।”
‘ম্যাক অ্যালিস্টার নিশ্চিতভাবেই ফিরে আসছেন’
বুধবার থেকে লিভারপুলের খেলোয়াড়রা অনুশীলনে ফিরছেন। এরপর রবিবার অ্যানফিল্ডে মোনাকোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা।
প্রাক-মৌসুমে দারুণ ছন্দে থাকা ১৯ বছর বয়সী ট্রে নিওনির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সোবোসলাই। গত মৌসুমে সাবেক কোচ আর্নে স্লটের অধীনে এই মিডফিল্ডার মাত্র ২২৯ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন, তবে এবার ইরাওলার অধীনে তিনি আরও বড় ভূমিকা রাখার দাবিদার।
“আমি সবসময় জানতাম সে ভালো খেলোয়াড়। অনুশীলনে সে বহুবার তার যোগ্যতা প্রমাণ করেছে। বিভিন্ন কাপ ম্যাচ কিংবা প্রিমিয়ার লিগে যখনই সুযোগ পেয়েছে, সে ভালো খেলেছে। আমাদের স্কোয়াড ছোট, তাই আমাদের সবাইকে প্রয়োজন,” বলেন সোবোসলাই।
আগামী ২৩ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে দলের প্রত্যেকের জন্য এটি একটি নতুন সূচনা বলে তিনি মনে করেন।
“নতুন কোচ এসেছেন। সবাই অনুপ্রাণিত। আমি সবার চোখেই খেলার তীব্র ইচ্ছা দেখতে পাচ্ছি। আর যদি খেলতে চাও, তবে তোমাকে সেরাটা দিতেই হবে,” তিনি বলেন।
“কোচ সিদ্ধান্ত নেবেন কে খেলবে। তবে এই মুহূর্তে সবার জন্য সব অপশন খোলা আছে।”
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ‘যদি অ্যালেক্সিস (ম্যাক অ্যালিস্টার) ফিরে আসে’—এই মন্তব্যের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তাও স্পষ্ট করেছেন সোবোসলাই।
“এটা আমার ইংরেজি দুর্বলতার কারণে হয়েছে। আমি ‘যদি’ বলিনি, বলেছি সে ‘কবে’ ফিরে আসবে। তাই আমি বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি। সে ফিরে আসছে এবং আমি যতটুকু জানি, সে দলেরই অংশ হবে।”
