বায়ার লেভারকুসেনের হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ভিক্টর বোনিফেসের
২০২৬/২৭ বুন্দেসলিগা মৌসুমের আগে বায়ার লেভারকুসেনের প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর বোনিফেসে। এই ম্যাচে জোড়া গোল করার পর তিনি নিজের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। গত বছর ওয়ের্ডার ব্রেমেনে হতাশাজনক লোণ কাটিয়ে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার আবারো তার মূল ক্লাব বায়ার লেভারকুসেনে ফিরে এসেছেন। শারীরিক ফিটনেসের অভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্টের কারণে কাটানো দুঃস্বপ্নের এক বছর এখন তার পেছনে।
গত ১৫ মাসে বোনিফেসের বাজারমূল্য ৪০ মিলিয়ন ইউরো থেকে কমে ৫ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। গত মৌসুমে তার আচরণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে বুন্দেসলিগা বা অন্য কোথাও তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে স্পোর্টফ্রুন্ড বামবার্গের বিপক্ষে ৬-০ গোলের জয় পাওয়া ম্যাচে বোনিফেস নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভিক্টর বোনিফেসকে নিয়ে সাইমন রল্ফেসের মন্তব্য
“আমরা আজ দেখেছি যে সে আবার দৌড়াতে এবং ড্রিবল করতে পারছে,” ম্যাচের পর কিকার-কে দেওয়া সাক্ষাৎকারে লেভারকুসেনের ম্যানেজিং ডিরেক্টর বলেন— “গত প্রাক-মৌসুমে আমরা এমনটা দেখিনি। গত গ্রীষ্মে সে এসব করতে পারছিল না। আমরা তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে খুবই সন্তুষ্ট।
“[আজ সে দুটি গোল করেছে] যা আমাকে আনন্দিত করেছে,” রল্ফেস আরো বলেন। “[গত বছরটি] তার জন্য অত্যন্ত কঠিন ছিল। অবশ্যই, এটা বোঝা যাচ্ছে যে এখনো উন্নতির জায়গা রয়েছে। গত বসন্তের চেয়ে সে এখন অনেক ভালো অবস্থায় আছে, তবে তাকে আরো কিছু ধাপ পার হতে হবে।
“বোনিফেসের পরবর্তী লক্ষ্য হতে হবে ফিটনেস অর্জন করা,” রল্ফেস যোগ করেন। “আগামী কয়েক সপ্তাহ খুব নিবিড় প্রশিক্ষণ চলবে, যেখানে সে হয়তো এখনই পুরোপুরি সেরাটা দিতে পারবে না, তবে এটি তাকে তার খেলার উন্নতিতে সহায়তা করবে। এখন আমাদের সেদিকেই নজর দিতে হবে।“
বোনিফেসকে নিয়ে কার্লেস মার্টিনেজ
“শারীরিকভাবে উন্নতির জন্য বোনিফেসের দলের সাথে অনুশীলন করাটা খুবই গুরুত্বপূর্ণ,” লেভারকুসেনের নতুন প্রধান কোচ যোগ করেন। “সে পুরো সপ্তাহ আমাদের সাথে অনুশীলন করেছে। আজ সে ৩৫ মিনিট খেলার সুযোগ পেয়েছে, যা গুরুত্বপূর্ণ। সে এবং আমরা উভয়েই জানি যে তাকে আরো উন্নতি করতে হবে।
“সে লক্ষ্য জানে এবং আমরাও লক্ষ্য সম্পর্কে অবগত,” মার্টিনেজ বলেন। “আজ সে দেখিয়েছে সে কী করতে পারে এবং বোনিফেস আসলে কে। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আমি নিশ্চিত যে সে আজ কিছুটা খুশি এবং সোমবার আরো বেশি শক্তি নিয়ে প্রশিক্ষণে যোগ দেবে।“
বোনিফেসের বক্তব্য
“আমি ভালো আছি,” বোনিফেস নিজে বলেন। “অবশ্যই আমি পুনরায় অনুশীলন করতে পেরে এবং যা ভালোবাসি তা করতে পেরে খুশি। ফিরে আসতে পেরে এবং কঠোর পরিশ্রম করে নিজের উন্নতির চেষ্টা করতে পেরে ভালো লাগছে।
“আমি বেশ ভালো অনুভব করছি,” বোনিফেস আরো বলেন। “[পুনরায় গোল করাটা] ভালো লেগেছে কারণ অনেকদিন পর দলের হয়ে মাঠে ফিরলাম। আমি সব কিছু নিয়ে খুশি। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশিক্ষণ নেওয়া, নিজের ওপর কাজ করা এবং একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করার চেষ্টা করা।“
