পিএসজির কাছে হার ভুলে এল ক্লাসিকোর প্রস্তুতিতে বার্সেলোনা
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে হেরে কাতালোনিয়ায় ফেরার পথে এফসি বার্সেলোনার খেলোয়াড় ও কর্মকর্তাদের মনে একটি বিষয় স্পষ্ট ছিল—দল সঠিক পথেই রয়েছে। স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, পিএসজির বিপক্ষে পরাজয় সত্ত্বেও বার্সেলোনার খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্লাব পরিচালকরা মনে করেন, ইউরোপে নিজেদের সক্ষমতা প্রমাণ করার সুযোগ তাদের এখনো অনেক বাকি। এখন তাদের পুরো মনোযোগ স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে রবিবারের এল ক্লাসিকোকে ঘিরে।
বার্সেলোনা প্রতিনিধি দলের ভেতরে এই হার নিয়ে মন্তব্য শোনা গেছে, “এই পরাজয় আমাদের এল ক্লাসিকোর জন্য ভালো শিক্ষা দেবে।” অনেকের মতে, এই ফলাফল রবিবারের বড় ম্যাচের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে।
ক্লাব নেতৃত্ব ও কোচিং স্টাফ মনে করেন, প্যারিসে বেশ কিছু প্রতিকূলতা ছিল। এরিক গার্সিয়া ও জুলস কুন্দের চোট, রাফিনিয়ার শারীরিক সমস্যা, রদ্রির মতো খেলোয়াড়দের সামলানোর প্রয়োজনীয়তা এবং সেভিয়া থেকে ভ্রমণ বিলম্বের কারণে ক্লান্তি—সব মিলিয়েই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এসব বিষয় অজুহাত হিসেবে না দেখলেও, দলের ওপর এগুলোর প্রভাব ছিল স্পষ্ট।
সংকটের কোনো আবহ নেই
পিএসজির কাছে হারলেও বার্সেলোনার অন্দরে কোনো অস্থিরতা নেই। দলের ভেতর আত্মসমালোচনার প্রয়োজন আছে ঠিকই, তবে এই ফলাফল থেকে কোনো সংকট তৈরির সুযোগ দিতে চায় না তারা। কোচ হানসি ফ্লিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যেমনটা বলেছেন, অক্টোবর মাসেই শিরোপা নির্ধারণ হয়ে যায় না। এখন লক্ষ্য হলো ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নতি বজায় রাখা। স্কোয়াডের সদস্যদের বিশ্বাস, রবিবারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা অনেক বেশি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ ফুটবল উপহার দেবে।
তাদের সামনে এখনকার মূল লক্ষ্য হলো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগায় পয়েন্টের ব্যবধান নয় পয়েন্টে উন্নীত করা। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ভুল শুধরে নেওয়ার পর্যাপ্ত সময় এখনো হাতে আছে।
শুরু থেকেই ফ্লিকের ভাবনায় এল ক্লাসিকো
বার্সেলোনা কর্তৃপক্ষের দাবি, পিএসজি ম্যাচের শুরু থেকেই হানসি ফ্লিকের মূল লক্ষ্য ছিল এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে যাতে সেরা ছন্দে পাওয়া যায়, সেজন্য রদ্রিকে বেঞ্চে রাখা হয়েছিল। এছাড়া রাফিনিয়া এবং পেদ্রিকে ম্যাচের প্রায় এক ঘণ্টা পর মাঠ থেকে তুলে নেওয়া হয়। পিএসজি ম্যাচের পুরো সময়জুড়ে ফ্লিকের পরিকল্পনার সেরা একাদশ একসাথে মাঠে ছিল না।
যদিও এটিকে পরাজয়ের অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে না, কারণ পিএসজিও তখন নুনো মেন্ডেজকে ছাড়া খেলেছে এবং উসমানে দেম্বেলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। প্যারিসে বার্সেলোনা স্কোয়াড নিজেদের উজাড় করে দিয়েছে এবং চরিত্র ও গর্বের পরিচয় দিয়েছে। এখন দলের লক্ষ্য সবকিছু পেছনে ফেলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্যাম্প ন্যু-এর ম্যাচের দিকে মনোনিবেশ করা। মৌসুমের প্রথম হারের পর এল ক্লাসিকোর চেয়ে ভালো আর কোনো ম্যাচ নেই ঘুরে দাঁড়ানোর জন্য। ড্রেসিংরুম থেকে একটাই বার্তা আসছে, “এটি এল ক্লাসিকোর জন্য বাড়তি অনুপ্রেরণা।”
