জার্মানিতে স্থায়ী হতে পারেন নিল এল আইনাউই, রোমার ঘরে আসবে ২৫ মিলিয়ন ইউরো
ইতালিয়ান ক্লাব রোমা তাদের মিডফিল্ডার নিল এল আইনাউইকে ঘিরে বড় অংকের অর্থ আয়ের সম্ভাবনা দেখছে। মরোক্কান এই মিডফিল্ডারের ভবিষ্যৎ এখন ইতালির রাজধানীর ক্লাবটি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে।
গত গ্রীষ্মকালীন দলবদলের সময় নিল এল আইনাউই ধারে জার্মানির ক্লাব লিপজিগে যোগ দেন। সেখানে নিজের পারফরম্যান্স দিয়ে ক্লাব কর্তৃপক্ষের নজর কেড়েছেন তিনি। যে কারণে জার্মান ক্লাবটি তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে।
চুক্তি অনুযায়ী, ২৫ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ বা স্থায়ীভাবে কিনে নেওয়ার শর্ত রাখা হয়েছে। মৌসুম শেষে লিপজিগ যদি তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে, তবে রোমা এই ২৫ মিলিয়ন ইউরো পাবে।
স্কাই স্পোর্টস ডিই-এর তথ্য অনুযায়ী, মাঠের পারফরম্যান্স এবং মাঠের বাইরের শৃঙ্খলা—উভয় ক্ষেত্রেই নিল এল আইনাউইকে নিয়ে সন্তুষ্ট লিপজিগ।
এই ইতিবাচক দিকগুলো তাকে স্থায়ীভাবে কেনার পথকে আরও প্রশস্ত করছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে তাকে কিনে নেওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
যদি এই চুক্তি সম্পন্ন হয়, তবে আগামী গ্রীষ্মে রোমার আর্থিক ভাণ্ডারে বড় অংকের অর্থ যুক্ত হবে। ২৫ মিলিয়ন ইউরোর এই অর্থ পরবর্তী দলবদলের বাজারে ক্লাবটির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হবে।
